চিকিৎসকদের ২৫৫০০ মাস্ক-গগলস উপহার দিলেন টেলিকম মন্ত্রী
কোভিড-১৯ সম্মুখ যোদ্ধাদের সহযোগিতায় ২৫ হাজার মাস্ক ও ৫০০ মেডিক্যাল গগলস দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান বৃহস্পতিবার সরঞ্জামগুলো ঢাকার তেজগাঁওয়ের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স ডিপোতে হস্তান্তর করেন।
সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স ডিপোতে কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আবু হেনা মোরশেদ জামান এই সব নিরাপত্তা সামগ্রী গ্রহণ করেন। বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন এবং জেডটিই‘র বাংলাদেশ প্রতিনিধি ভেনসি এই সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সম্মানে সম্প্রতি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারিদের জন্য দিয়েছিলো বিটিসিএল এর অংশী-প্রতিষ্ঠান জেডটিই এবং এডিএন টেলিকম লিমিটেড। কিন্তু অগ্রাধিকার বিবেচনায় মন্ত্রীর পরামর্শে এই সরঞ্জামগুলো চিকিৎসকদের জন্য সম্প্রদান করা হয়।
এর আগেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সম্মানে চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন থেকে প্রাপ্ত ৫হাজার মাস্কসহ কোভিড -১৯ সংক্রমণ বিস্তার রোধে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং ঝিনাইদহ জেলা প্রশাসন এবং নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা প্রশাসনে হস্তান্তর করা হয়।
এছাড়াও দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ড ভ্যান গাড়ী দিয়ে বিনা মাশুলে জরুরী ভিত্তিতেসেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স ডিপো থেকে কোভিড চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে টেলিযোগাযোগ সচিব বলেন, কোভিড-১৯ নিরাপত্তা সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য সম্মুখ কোভিড যোদ্ধাদের জন্য মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার এর নির্দেশনায় এই সব নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এই প্রতিকী উপহার কোভিড যোদ্ধাদের অনুপ্রেরণা যোগাবে।